Published : 10 Mar 2026, 11:07 AM
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দল প্রস্তুতি শুরু করেছে। ২৬শে মার্চ রাতে ফ্রান্স এবং ১লা এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচগুলোর জন্য কোচ কার্লো আনচেলত্তি প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন। তবে নতুন খবর হলো, ইনজুরির কারণে নেইমার হয়তো চূড়ান্ত দলে জায়গা নাও পেতে পারেন। ব্রাজিলের ‘ও গ্লোবো’ এবং ‘ইউওএল’ জানিয়েছে, সিরি আ-এর ম্যাচে সান্তোসের হয়ে খেলতে পারবেন না নেইমার। মাংসপেশিতে ফের চোট পাওয়ার কারণে তিনি মাঠের বাইরে থাকবেন। মিরাসলের স্টেডিয়ামে বসে এই ম্যাচটি দেখবেন আনচেলত্তি। ব্রাজিল কোচ খেলোয়াড়দের আরও একবার যাচাই করতে চান। বিশেষ করে নেইমারের ফিটনেস নিয়ে তিনি সন্দিহান। সান্তোস ও মিরাসলের ম্যাচে আনচেলত্তির চোখ ছিল নেইমারের উপর, এমনটা ধারণা করা হচ্ছিল।
কিন্তু ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে না পারায়, নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কমে গেছে। ‘ও গ্লোবো’ জানায়, নেইমার নিজের ইনজুরির কথা বলার পরেই সান্তোস তাকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত জানায়। আগামী রোববারে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলবেন তিনি। অর্থাৎ, চূড়ান্ত দল ঘোষণার আগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার। তবে সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না আনচেলত্তি। ২৭শে ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করেছিলেন নেইমার। কিন্তু এরপর থেকে তিনি আর মাঠে নামেননি। ব্রাজিলের সংবাদমাধ্যম জানাচ্ছে, আনচেলত্তি মিরাসলের ম্যাচে নেইমারের শারীরিক সক্ষমতা দেখতে চেয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। এর অর্থ হলো, নেইমার এখনো পুরোপুরি ফিট নন।
আনচেলত্তি আগেই বলেছেন, ফিটনেস প্রমাণ করতে পারলেই কেবল জাতীয় দলে বিবেচনা করা হবে। নেইমার সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেন। বর্তমানে নেইমার সান্তোসের মাঠের অনুশীলনে অংশ নেননি, বরং জিমে অনুশীলন করছেন। তবে গত রোববারে তিনি দলীয় কৌশলগত অনুশীলনে অংশ নিয়েছিলেন। সান্তোস-করিন্থিয়ান্স ম্যাচটি দেখতে গ্যালারিতে থাকবেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ মিনো ফুলকো এবং গোলকিপিং কোচ ক্লদিও তাফারেল। আনচেলত্তি সেদিন বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দেখতে নিল্টন সান্তোস স্টেডিয়ামে থাকবেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। বিশ্বকাপ শুরু হবে ১১ই জুন। এবারের আসরটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।।
নেইমারের বিশ্বকাপ খেলাটা দেখতে চান মেসি, বন্ধুত্বের টানে আবেগ প্রকাশ